জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)। নতুন এ ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হওয়ার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে বলে আশা করছে দূতাবাস।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নতুন ডিজিটাল ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
দূতাবাসের নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন করা যাবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকছে।
আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় অপেক্ষমাণ থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে। অর্থাৎ, আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছিলেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন করতে হবে।
দূতাবাসের মতে, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুরোনো অপেক্ষমাণ তালিকার আবেদনকারীদের জন্য বিষয়টি সাময়িক অসুবিধার কারণ হলেও নতুন ব্যবস্থায় আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এতে সামগ্রিকভাবে অপেক্ষার সময় কমে আসবে।
তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে। নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সময়সাশ্রয়ী ও কার্যকর করা।
যেভাবে আবেদন করবেন
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের জন্য পোর্টালের ঠিকানা: https://digital.diplo.de/
আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিস্তারিত নির্দেশনা পোর্টালটির পাশাপাশি জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

