আগামীতে দেশে আর কোনো বিভ্রান্তি নয়, বরং একটি বিপ্লবই হবে, সেটি হবে ইসলামী বিপ্লব—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘বিপ্লব একটাই হবে, ইনশাআল্লাহ। আর সেটির নাম হবে ইসলামী বিপ্লব।’
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে জামায়াতের এই নায়েবে আমির বলেন, তিনি আগের তুলনায় সুস্থ আছেন। ধীরে ধীরে সাংগঠনিক কার্যক্রমেও পুরোদমে অংশ নিতে শুরু করেছেন। দীর্ঘদিন পর দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সহকর্মীর সঙ্গে একত্র হওয়ার আগ্রহ থেকেই তিনি সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে নিজের সুস্থতার জন্য দোয়া করায় উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নেতাকর্মীদের জন্যও আন্তরিক দোয়া করেন।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির কেন্দ্রীয় ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

