ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে হওয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা বা সাধারণ প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
শেখ হাসিনার বর্তমান অবস্থান ও দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, প্রত্যর্পণ ও প্রত্যাবর্তন এক বিষয় নয়। কারও বিরুদ্ধে কোনো মামলা না থাকলে নিজ দেশে ফিরে আসাকে প্রত্যাবর্তন বলা হয়। আর প্রত্যর্পণ হলো একটি আইনি প্রক্রিয়া, যার সঙ্গে অপরাধের দণ্ড ও দুই দেশের মধ্যে চুক্তির বিষয় জড়িত। সাঈদ, মুগ্ধ ও হাজারো ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তাকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে বরণ করার কথা ভাবা যায় না। তাকে আইন অনুযায়ী দেশে এনে আদালতের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশ ছেড়ে যাননি; বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন। তার পাসপোর্টের বৈধতা থাকুক বা না থাকুক, ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

