Breaking
Fri. Nov 13th, 2026

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবায় সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। খবর দ্য মিররের।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করার জন্য ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র। এর মাত্র কয়েক সপ্তাহ পর ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান ও নৌ হামলা চালান। আর দএখন তার পরবর্তী লক্ষ্য কিউবা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সাক্ষাৎকারে কিউবার বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করবেন কি না জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি শেষ করতে চাই।’

২০২৬ সালের জানুয়ারি থেকে কিউবার ওপর কঠোর জ্বালানি ও তেল অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এতে দেশটিতে গুরুতর জ্বালানি, অর্থনৈতিক ও মানবিক সংকট দেখা দিয়েছে।

মার্কিন বাহিনীগুলো দেশটির উদ্দেশে রওনা করা জ্বালানিবাহী জাহাজ এবং বায়োডিজেলের চালান আটক ও জব্দ করেছে। চলতি বছরজুড়ে কিউবায় বিদ্যুৎ বিপর্যয় হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প কিউবাকে ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, তিনি ‘সপ্তাহব্যাপী প্রচারণার’ বিষয়টি ‘অবশ্যই বিবেচনা করবেন’। তিনি বলেন, ‘আমি এটা (আক্রমণ) করতে পারলে খুব খুশি হব, সেই সব কিউবানদের জন্য, যারা যুক্তরাষ্ট্রে এসে খুব খারাপ আচরণের শিকার হয়েছিলেন।’

ট্রাম্প আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বাবা-মা ১৯৫৬ সালে কিউবা থেকে এসে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছিলেন। তিনি এমনটা (আক্রমণ) করতে খুবই আগ্রহী হবেন।

সাংবাদমাধ্যম দ্য নিউ রিপাবলিকের প্রতিবেদন অনুযায়ী, জুনে কংগ্রেসে রুবিও কিউবা আক্রমণ করবেন না, এমন কথা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

মার্চ মাসে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছিলেন, ‘কোনো না কোনোভাবে কিউবাকে দখল করা’ একটি ‘সম্মানজনক’ বিষয় হবে।

Related Post