দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো পাঁয়তারা এবং সীমান্তের ওপার থেকে আসা উসকানি ও অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরস্থ জামি’আ হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের দাবি-দাওয়াগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোয় এনে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

বিগত ১৬-১৭ বছরের শাসনের সমালোচনা করে সালাহ্‌উদ্দিন আহমদ বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং এর সুষ্ঠু বিচার হবে।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা এবং থানা, হাসপাতাল ও বাড়িঘরে অগ্নিসংযোগের উস্কানি দেওয়া হচ্ছে।

সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে এবং আইনানুগ পন্থায় তাদের মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

Previous post রয়টার্স এক্সক্লুসিভ: বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে
Next post আমরা ভারতে ঢুকে হাসিনাকে ধরে দেশে এনে ফাঁসিতে ঝুলাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
Close