Breaking
Wed. Nov 18th, 2026

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যায় জড়িত থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা বলেছেন, ‘তারা ক্ষমা চাইবে কি না জানি না, তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’

মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। তার দাবি, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। তাদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল হতে পারে না।

আওয়ামী লীগকে আলোচনায় যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘আপনি তাদের আলোচনার টেবিলে আনুন। ন্যায়বিচার নিশ্চিত করুন।’

দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, তা তার জানা নেই। তবে তার মতে, নিজেদের চেয়ে ভালো শাসন দিতে পারলে অন্যের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, বর্তমান পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সামনের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও কুয়াশাচ্ছন্ন। আগামী জানুয়ারির মধ্যে অনেক বিষয় পরিষ্কার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনৈতিক মত ও পথের ভিন্নতার কারণে সমাজে বিভক্তি ও সহিংসতা বাড়ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যও কমে গেছে। একে অপরের সঙ্গে বসে চা পান করা তো দূরের কথা, অনেকে মুখোমুখি হতেও আগ্রহী নন।

এ ধরনের বিভাজন দেশের রাজনীতির জন্য ইতিবাচক নয় উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Related Post