মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘এক্স’-এ একটি দীর্ঘ পোস্টে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার তিনি দাবি করেছেন, ইরানে মার্কিন যুদ্ধই ছিল তার দলের পরাজয়ের কারণ।
তিনি বলেন, “আমাদের হারার কারণ হলো যুদ্ধ।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, “আমরা কেন হেরেছি, তা সবাই জানে। আর এখন থেকে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে—সে বিষয়ে যেকোনো সৎ আলোচনার শুরুটা সেখান থেকেই হতে হবে।”
ভ্যান্স তার এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্মপন্থা থেকে নিজেকে কিছুটা আলাদা করে নিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, “আপনারা যদি যুক্তি দিতে চান যে এই পরাজয় সার্থক ছিল—অর্থাৎ আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোটা কোনোভাবে যৌক্তিক ছিল—তবে তা-ই বলুন। দাবি করুন যে, এটি ছিল একটি সার্থক মূল্য। একমত হোন বা না হোন, অন্তত এই অবস্থানটি সৎ।”
তিনি আরো বলেন, “তবে আমরা কেন হেরেছি, তা সবাই জানে। আর এখন থেকে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে যেকোনো সৎ আলোচনার শুরুটা এখান থেকেই হতে হবে।”
ভ্যান্স জানান, রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে আরো কিছু কারণ ছিল; যার মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক।
তিনি লিখেছেন, “আমি অত্যন্ত শ্রদ্ধা করি এমন একজন জনমত জরিপকারী আমাকে বলেছেন যে, নির্বাচনের শেষ পর্যায়ে আমাদের অর্থনৈতিক বার্তাগুলো যথেষ্ট জোরালো ছিল না। আমার মনে হয়, এটি সত্য।”
ভ্যান্স স্বীকার করেছেন, মঙ্গলবার রাতটি নিয়ে তার আগে থেকেই খারাপ আশঙ্কা ছিল। “মঙ্গলবার আসার আগেই আমার মনে নেতিবাচক অনুভূতি ছিল, তবে যা ঘটেছে তা আমাকেও হতবাক করে দিয়েছে।”

