Read Time:3 Minute, 13 Second

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

স্থানীয় প্রচারমাধ্যম ‘এনবিসি লস অ্যাঞ্জেলেস’ নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজস্ব সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। স্থানীয় সময় মঙ্গলবার শহরতলির চ্যাটসওয়ার্থ এলাকায় একটি মারাত্মক বাস দুর্ঘটনার সরাসরি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল হেলিকপ্টারটি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) একজন মুখপাত্র জানিয়েছেন, লারলাইন অ্যাভিনিউ এবং নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান অবস্থা এখনো জানা যায়নি।

বিধ্বস্ত হওয়ার পরপরই দুটি শিপিং কনটেইনার এবং একাধিক যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক আবেগঘন লাইভ সম্প্রচারে এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা জানতাম এটি একটি নিউজ হেলিকপ্টার ছিল এবং আমাদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা মাত্র দুঃসংবাদটি পেয়েছি।’

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ (এলএপিডি) এবং মেয়র ক্যারেন বাস।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে তাদের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

এর আগে দিনের শুরুতে চ্যাটসওয়ার্থে একটি সিটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি
Close