নিউইয়র্কের ব্রুকলিনে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত।
অ্যাডাল্ট ডে কেয়ার পরিচালনার আড়ালে ৬ কোটি ৪০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯০ কোটি ৬৫ লাখ টাকা) প্রতারণার অভিযোগে ব্রুকলিনের ফেডারেল আদালতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ নাতাশা মার্লে গত বুধবার এ রায় ঘোষণা করেন।
এর আগে গত বছরের আগস্টে স্বাস্থ্যসেবা জালিয়াতি এবং সরকারের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন জাকিয়া।
কারাদণ্ডের পাশাপাশি জাকিয়া খানের ব্রুকলিনের বাসা থেকে জব্দ করা নগদ অর্থ, বিপুল পরিমাণ সোনার গয়না এবং দুটি বাড়িসহ মোট ৫০ লাখ ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেডিকেইডের ক্ষতিপূরণ বাবদ তাকে ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করতে হবে। নিউইয়র্কের মেডিকেইড হোম কেয়ার প্রোগ্রামে দীর্ঘদিন ধরে চলা তদারকির অভাব ও দুর্নীতি বন্ধে এ রায়কে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মেডিকেইডের সেবাগ্রহীতা সেজে আসা এক ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তার হাতে অবৈধ ঘুসের অর্থ তুলে দেওয়ার সময় গোপন ক্যামেরায় ধরা পড়েন জাকিয়া খান। সে সময় তাকে অত্যন্ত উৎফুল্ল মেজাজে টেবিলের ওপর নগদ ডলারের বান্ডিল সাজিয়ে গুনতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়, গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ঘুসের নগদ অর্থ গুনতে দেখা যাওয়া এই নারী ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ এবং ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি ডে কেয়ার সেন্টার পরিচালনা করতেন।
অভিযুক্ত জাকিয়া খান দুই প্রতিষ্ঠান মিলে মেডিকেইডের কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল জমা দিয়েছিলেন, যার মধ্যে কর্তৃপক্ষ ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে।
আদালতের নথি বলছে, জাকিয়া খান ব্রুকলিনের কনি আইল্যান্ড এলাকায় দুটি সোশ্যাল অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টারের মালিক ছিলেন। প্রতিষ্ঠান দুটি হলো—হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনকরপোরেটেড (হ্যাপি ফ্যামিলি) এবং ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনকরপোরেটেড (ফ্যামিলি সোশ্যাল)।
এ ছাড়া তিনি রেসপনসিবল কেয়ার স্টাফিং ইনকরপোরেটেড নামে একটি হোম হেলথ কেয়ার ফিসকাল ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। জালিয়াতির মাধ্যমে পাওয়া অর্থ গ্রহণ ও তার প্রকৃত উৎস গোপন করতে তিনি তানউই সার্ভিসেস ইনকরপোরেটেড নামে আরো একটি প্রতিষ্ঠান ব্যবহার করতেন।
ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত অবৈধ সুবিধা ও ঘুসের বিনিময়ে একদল মার্কেটার মেডিকেইডের সুবিধাভোগীদের জাকিয়া খানের পরিচালিত সোশ্যাল অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টারগুলোতে নিয়ে আসতেন।
জাকিয়া খান ও ওই মার্কেটাররা মেডিকেইডের সেসব সুবিধাভোগীদের ঘুস ও কিকব্যাকের বিনিময়ে মেডিকেইডের কাছে বিল করতেন। কিন্তু মেডিকেইডের কাছে যেভাবে এসব সেবা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল, বাস্তবে সেভাবে কোনো সেবা দেওয়া হয়নি।
২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে হ্যাপি ফ্যামিলি ও ফ্যামিলি সোশ্যাল মিলে মেডিকেইডের কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের জালিয়াতিপূর্ণ বিল জমা দেয়। এসব মিথ্যা ও জালিয়াতিপূর্ণ দাবির ভিত্তিতে মেডিকেইড প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে।
পরবর্তীতে গোয়েন্দাদের জালে ধরা পড়ার পর ২০২৫ সালের আগস্টে খান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি নোসেলা বলেন, ‘আজকের এই সাজা আমাদের ডিস্ট্রিক্টে অপরাধ দমনে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। আমেরিকান করদাতাদের প্রতারণার হাত থেকে সুরক্ষা দিতে আমাদের কার্যালয় ও বিচার বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমাদের ডিস্ট্রিক্টে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোরভাবে মামলা পরিচালনা করব।’
More Stories
যুক্তরাজ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় হাফেজ সাদ মুহাম্মদ নূর
যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। হাফেজ সাদ নূর রাজধানীর মিরপুর...
দিল্লিতে আ.লীগ নেতা বক্তা থাকা সেমিনারের অনুমতি দেওয়া হয়নি
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘নতুন বিতর্ক এড়াতে’ ভারতের নয়াদিল্লিতে একটি সেমিনার শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাব...
সৌদি আরবে রেসিং কারের চাপায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের জেদ্দায় রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার রাতে অফিস শেষে কেনাকাটা...
প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে...
সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে যাচ্ছে বৃহস্পতিবার
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় সংগঠিত অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ১৬ জন বাংলাদেশির মধ্যে নয় জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশে...
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী বিনা খরচে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
