রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, ‘এ বিষয়ে সংস্থাটির কোনো অবস্থান নেই।’ তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া পদক্ষেপ এবং বর্তমানে চলমান কার্যক্রম ইইউ পর্যবেক্ষণ করছে। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় ইইউ। আর স্থিতিশীলতার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রদূত বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখা প্রয়োজন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করেছে ইইউ। সেখানে অনেক ভালো প্রস্তাব ও ধারণা ছিল। সেগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থাটি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মাইকেল মিলার বলেন, ইইউ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ ও তা কতটা এগিয়ে নেওয়া হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার সুরক্ষা চাপের মুখে পড়লে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের আলোচনায় উঠে আসে।
তিনি বলেন, বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউর যোগাযোগ অব্যাহত রয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের এ পরিস্থিতি নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।
গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান
দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ এখন পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময়ে দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা জরুরি। নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
বাণিজ্য সম্পর্কে আগাম প্রস্তুতির তাগিদ
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়তে পারে। ফলে বর্তমান প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হবে।
তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষ হলে ইইউর সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে। এতে এ খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে চাপ তৈরি হতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, তৈরি পোশাক খাতে বৃত্তাকার অর্থনীতির চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে মাইকেল মিলার বলেন, পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনা শুরু করা জরুরি।
বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় ইইউ—এমন মন্তব্য করে মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণ প্রক্রিয়া মসৃণ ও পূর্বানুমেয় করতে সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত সংস্থাটি। দুই পক্ষের সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনা অনেক বেশি।
বাংলাদেশে নিজের অবস্থানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি দুই পক্ষের সম্পর্কের বিকাশে তাঁর আগ্রহের প্রতিফলন।
জুনে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী বছরের জুনে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাসেলস সফর করবেন বলে জানিয়েছেন মাইকেল মিলার। তিনি বলেন, আগামী জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রাসেলস যাবেন। সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৭ ও ৮ জুন ব্রাসেলসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ওই সফরে সম্মেলনে বক্তব্য দেবেন।
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
More Stories
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবেয় কাওয়াস।...
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কী আলোচনা হলো, জানালেন মাহদী আমীন
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। দেশের স্বাধীনতা,...
বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে...
অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’-এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক...
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন— আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের...
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব আনা হয়েছে। শিকাগো...
