Read Time:3 Minute, 9 Second

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। সফরের আগে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৫ অক্টোবর চিঠি দিয়ে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরতে বলা হয়। দুই দিনের মধ্যে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি দেশে আসেন। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় রয়েছেন তিনি।

গত বুধবার টোকিও পৌঁছেছেন সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তার সেখানে থাকার কথা রয়েছে। সফরের প্রস্তুতি তদারকির পাশাপাশি দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্বও পালন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে রেখে মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব দেওয়ার ঘটনা বিরল। গত কয়েক দশকে এ ধরনের নজির পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো। তবে দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করারও প্রত্যাশা রয়েছে।

দাউদ আলী ও নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আগামী ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
Close