ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো আইন এবং রীতিনীতি মেনে প্রচার করবে এবং এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছি।’
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের কোনো কোনো গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে। শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এ রকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এ কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না।’
তিনি বলেন, ‘সরকার এটার ব্যাপারে…যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফরমালিও জানাব, এটা নিয়ে আমাদের কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন।’
জাহেদ উর রহমান বলেন, ‘আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধা রাখবে, শ্রদ্ধা দেখাবে এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবে।’
ব্রিফিংয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়েও কথা বলেছেন ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অত্যন্ত সফল হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার দেশের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি ঠিক করবে। বাংলাদেশের সঙ্গে যেকোনো দেশের কানেক্টিভিটি হলে সেটি দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। কানেক্টিভিটির বিষয়ে সরকারের আগ্রহ আছে। চীনের সঙ্গে কানেক্টিভিটির সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে।’
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিদ্বেষমূলক বক্তব্য ছড়ায়। এ বিষয়ে ওই বছরের ৫ ডিসেম্বর তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরপর গত বছরের ১৭ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি ফের তার সাক্ষাৎকার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সেই সাক্ষাৎকার নানাভাবে ছড়াচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আদালতের নিষেধাজ্ঞার কথা আবারও স্মরণ করিয়ে দেন উপদেষ্টা।
More Stories
আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার ক্ষেত্রে ‘বিলম্ব’ মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
দেশে বিপ্লব একটাই হবে, সেটি ইসলামী বিপ্লব: ডা. তাহের
আগামীতে দেশে আর কোনো বিভ্রান্তি নয়, বরং একটি বিপ্লবই হবে, সেটি হবে ইসলামী বিপ্লব—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে...
উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত...
সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের বিভিন্ন কারাগারে বিভিন্ন অভিযোগে প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী বাংলাদেশি বন্দি রয়েছেন। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...
আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না: জামায়াত আমীর
নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতিতে সর্বোচ্চ শক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত জাতীয়...
এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, কারও পদোন্নতি, কারও পদাবনতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে রদবদল আনা হয়েছে। ২১৭ সদস্যের কমিটি ছোট করে ১৯৬ সদস্যে নামিয়ে আনা হয়েছে। আহ্বায়ক...
