Read Time:3 Minute, 5 Second

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি (ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তদন্তের বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ডের সত্যতা ইতিমধ্যে যাচাই করা হয়েছে এবং এর সত্যতা পাওয়া গেছে। সেখানে কথোপকথনের বিষয়টি স্পষ্ট। তবে টাকা লেনদেন হয়েছে কি না, তা নিয়ে এখনো তদন্ত চলছে। খুব দ্রুত প্রতিবেদন দাখিলের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

তিনি জানান, অভিযোগ ওঠার পরপরই সাইমুম রেজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পরপরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। যদিও তিনি পদত্যাগ করেছেন, তবুও তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

গত ৯ মার্চ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেন। ওই দিনই তার দুটি মোবাইল ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হয়। অডিও কথোপকথনে চট্টগ্রাম-৬ আসনের তৎকালীন সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীর জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করতে শোনা যায় তাকে। ফোনের অপর প্রান্তে ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী সাংসদের আইনজীবী রিজওয়ানা ইউসূফ।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ এপ্রিল এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়।সট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত ৭ এপ্রিল এই অভিযোগটি আমলে নিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরের সময় মানতে হবে যেসব রাষ্ট্রাচার
Next post যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক ছাত্রী, ৪ দিনেও মেলেনি সন্ধান
Close