রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার উদ্দেশ্য ছিল বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ভারত। রায়টি নজরে নেওয়ার কথা জানালেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি দেশটি। এমনকি রায় নিয়ে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হবে কিনা, সে প্রশ্নেও স্পষ্ট কোনো উত্তর দেয়নি নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে রোহিঙ্গা গণহত্যার রায়, গঙ্গার পানি বণ্টন চুক্তি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুন কোনো তথ্য বা সিদ্ধান্তের কথা জানাননি তিনি। বেশির ভাগ প্রশ্নের জবাবে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন ভারতের এই মুখপাত্র।

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে সতর্ক ভারত
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার উদ্দেশ্য ছিল বলে আইসিজের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, এ বিষয়ে ভারতের অবস্থান কী। রায়টির পরিপ্রেক্ষিতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, তা-ও জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আইসিজের রায়টি আমরা নজরে নিয়েছি। রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনকে ভারত ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে।’

তবে রায়টির বিষয়ে ভারতের কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন তুলে ধরেননি তিনি। মিয়ানমারের সঙ্গে এ নিয়ে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা সম্পর্কেও কিছু বলেননি।

রোহিঙ্গাদের সহায়তায় ভারতের নেওয়া আগের উদ্যোগগুলোর কথা তুলে ধরে জয়সোয়াল জানান, ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় পাঁচ দফায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে ত্রাণসামগ্রী পাঠিয়েছিল ভারত। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-কেও সমর্থন দিয়েছে দেশটি।

গঙ্গার পানি চুক্তি নিয়ে আগের বক্তব্যেই ভারত
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ৩০ বছর মেয়াদি এ চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা কত দূর এগিয়েছে, তা জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সোয়াল বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদী ও পানিসম্পদ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সম্ভাব্য জেআরসি বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, সে প্রশ্নেও স্পষ্ট উত্তর দেননি তিনি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সাময়িকভাবে নবায়ন হবে, নাকি পূর্ণাঙ্গ নতুন চুক্তি হবে- এ প্রশ্নেরও জবাব এড়িয়ে যান জয়সোয়াল। প্রধানমন্ত্রী পর্যায়ে সই হওয়া চুক্তি নবায়নে কর্মকর্তা পর্যায়ের বৈঠক যথেষ্ট কিনা, নাকি দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা প্রয়োজন, সে বিষয়েও নতুন কিছু বলেননি তিনি। আগের তিন-চারটি সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে তার আর কিছু যোগ করার নেই বলে জানান।

তারেক রহমানের ‘পলিটিক্যাল মাস্টার’ মন্তব্যে ভারতের জবাব
বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভের পেছনে নয়াদিল্লিতে অবস্থান করা ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে- প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় ভারতের মুখপাত্রের কাছে।

জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অগ্রগতি নেই
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো অগ্রগতি হয়েছে কিনা, জানতে চান সাংবাদিকেরা।

জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ খবর নেই। আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।

Previous post ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ
Next post ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
Close