Breaking
Tue. Nov 10th, 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন জয়সওয়াল

‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং তাকে দেশে ফেরত পাঠানো সংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং নিয়ম মেনেই এর সমাধান করা হবে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর বেরিয়েছে, যা বাংলাদেশ কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে বলে জানা যায়। একজন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে এ পরিস্থিতিতে ভারত কি কোনো ভূমিকা রাখবে বা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘পাসপোর্ট বা পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত এই রাজনৈতিক বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছেই জানতে চাওয়া উচিত; কারণ এ বিষয়ে সঠিক অবস্থান তারাই স্পষ্ট করতে পারবে।’

পরবর্তীতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এবং পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘আমি আগেও বলেছি এবং আবারো বলছি, এটি সম্পূর্ণ একটি আইনি বিষয় এবং নিয়ম মেনেই এর সুরাহা করা হবে।’

তিনি বলেন, সাধারণত যেকোনো ব্যক্তির ভ্রমণের জন্য ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ নথি) প্রয়োজন হয়। তবে পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণের প্রযুক্তিগত ও আইনি খুঁটিনাটি দিকগুলো পর্যবেক্ষণ করে পরে বিস্তারিত জানানো হবে।’

Related Post