‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’-এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের দুটি বিষয় অবশ্যই রক্ষা করতে হবে। এর একটি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন এবং অপরটি সীমান্তে মোদির আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটানো।’

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এসব বিষয় বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনায় যাওয়ার অর্থ এই নয় যে তার যত অপরাধ আছে, সেসব অপরাধের হিসাব আমরা ভুলে যাব। গত আট মাসে বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হয়েছেন, যারা মারা গেছেন, যাদের ওপর হামলা হয়েছে, তাদের রক্তের প্রতিশোধ আমরা নেব। আমরা আশ্বস্ত করতে চাই, আলোচনা চলবে। তবে আলোচনার যে ভিত্তিতে আমরা এগিয়েছি, সেই ভিত্তিগুলো বাস্তবায়ন করতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় তারেক রহমান, শুনে রাখুন, আকাশকুসুম কল্পনা করে লাভ নেই। রক্তের তরুণেরা বাংলাদেশের রাজপথে এখনো জীবিত আছেন। জুলাইয়ের গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করুন। গণহত্যার বিচার করুন।’

এ সময় ওসমান হাদির হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওসমান হাদির রক্ত ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যত দিন তারা বেঁচে থাকবেন, তত দিন এই সংগ্রাম চলবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে আমরা নয়-ছয় দেখতে পাচ্ছি। যারা আমাদের হত্যা করেছে, তাদের পুনর্বাসন করা হয়েছে, টাকা খেয়ে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। আমাদের ভাইদের রক্তের ইতিহাস কোনো সংলাপের কারণে বাংলাদেশ থেকে মুছে যেতে দেব না।’

Previous post আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী
Next post বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
Close