প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে তিনি বলেছেন, তাঁরা বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটা নির্বাচনের দিকে যেতে পারবে। তবে তাঁরা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো তারিখের কথা বলেননি।
এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে অনুরোধ করেন বিএনপি নেতারা।
আজ বেলা ৩টা ৫০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানে তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় সোয়া ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল যমুনায় গেছে।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে। একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকে যেতে পারবে। প্রয়োজনীয় সংস্কারগুলো করবে বলে আমরা বিশ্বাস করি।’
কয়েক দিন ধরে দলীয় কর্মসূচিগুলোয় অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিলেন বিএনপির মহাসচিব।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর কবে থেকে বৈঠক শুরু হবে, তা জানতে চান সংবাদকর্মীরা। জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ওনারাই (অন্তর্বর্তী সরকার) বলবে, তারা কত দিনের মধ্যে এটা পারবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে।’
বিএনপি নির্বাচন অনুষ্ঠানের কোনো তারিখ উল্লেখ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনো তারিখ বলিনি। প্রয়োজনে ওনারাই তারিখ বলবে।’
ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ১২ আগস্ট তাঁর সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সাত নেতা।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ভাবনা ও নির্বাচন নিয়ে তাঁদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। তাঁরা (বিএনপি নেতারা) বলেছেন যে এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাঁদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে তাঁরা অনুরোধ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়, তাঁরা (বিএনপি নেতারা) দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে, সে ব্যাপারেও তাঁরা একমত পোষণ করেন। সবশেষে তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার, নির্বাচন–সম্পর্কিত ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে, সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবেন এবং তাঁরা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
