সংযুক্ত আরব আমিরাতে আসবাবের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আনুমানিক সাতটার দিকে আমিরাতের শারজাহ শহরে এ ঘটনা ঘটে।
নিহত তিন প্রবাসীর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে।
নিহত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের মো. রাসেল (৩২), পলতি তারাবাড়িয়া গ্রামের তারেক হোসেন ওরফে বাদল (৪০) ও মো. ইউসুফ (৪৩)। আমিরাতে অবস্থানরত নিহত ব্যক্তিদের স্বজনেরা দূতাবাসের মাধ্যমে লাশগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত ইউসুফের ছোট ভাই পল্লিচিকিৎসক গোলাম রসুল বলেন, তাঁর বড় ভাই ২৫ বছর ধরে আমিরাতে প্রবাসজীবন কাটাচ্ছেন। তিনি শারজাহ শহরে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন। বাড়িতে তাঁর দুই ছেলে আছে। সর্বশেষ পাঁচ বছর আগে তিনি দেশে এসেছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কারখানায় আগুন লাগে। ওই ঘটনায় তাঁর ভাইসহ তাঁদের ইউনিয়নের আরও দুজন দগ্ধ হয়ে মারা গেছেন।
গোলাম রসুল বলেন, কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানতে পারেননি। অগ্নিকাণ্ডের পর ওই দেশে থাকা আত্মীয়স্বজন আজ দুপুরে মুঠোফোনে কল করে বিষয়টি গ্রামের বাড়িতে জানান। তাঁর ভাইসহ নিহত তিনজনের লাশ এখনো দেশটির পুলিশের হেফাজতে আছে। সেখানে থাকা স্বজনেরা দূতাবাসের মাধ্যমে লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাঁরা এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের পাশাপাশি দুই গ্রামের তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘিরে পরিবার তিনটিতে মাতম চলছে। আহাজারি করে বারবার জ্ঞান হারাচ্ছেন নিহত রাসেলের মা শরীফা বেগম ও স্ত্রী খোদেজা বেগম। ছেলের জন্য বিলাপ করছেন ইউসুফের মা মোহাব্বত। কয়েকবার জ্ঞান হারান ইউসুফের স্ত্রী নুর নাহার বেগমও।
ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন বলেন, আমিরাতে আসবাবের কারখানায় অগ্নিকাণ্ডে তাঁর ইউনিয়নের মতইন ও পলতি তারাবাড়িয়া গ্রামের তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় থাকায় তাঁর প্রতিনিধির মাধ্যমে নিহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, সংযুক্ত আরব আমিরাতে আগুনে সেনবাগের তিন প্রবাসী নিহত হওয়ার খবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। তবে এ বিষয়ে নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় কিছু জানাননি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
