Read Time:4 Minute, 15 Second

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশের পক্ষ থেকে করা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এসব তথ্যসংবলিত তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পাঠিয়েছে।

সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতেও এ বিষয়ে তথ্য উল্লেখ করা হয়েছে।

দুদকের উপপরিচালক জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড সংগ্রহ এবং তাদের কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে সহযোগিতা চেয়ে বাংলাদেশ থেকে এমএলএআর পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) গত বছরের ১৯ মে বাংলাদেশের পাঠানো ওই অনুরোধ গ্রহণ করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্তসংক্রান্ত প্রতিবেদন এবং প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তির রেকর্ড বাংলাদেশের কাছে পাঠায়। এসব নথি দুদকের কাছেও পৌঁছেছে।

তবে এফবিআইয়ের পাঠানো প্রতিবেদনে ঠিক কী পরিমাণ সম্পদের তথ্য রয়েছে, কতগুলো সম্পত্তি শনাক্ত হয়েছে কিংবা সেগুলোর বর্তমান মূল্য কত-এ বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি দুদক। যুক্তরাষ্ট্রে থাকা কোনো সম্পদ এরই মধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়েও কমিশনের পক্ষ থেকে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রে থাকা জাবেদ দম্পতির সম্পদের মূল্য জানতে চাইলে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, ‘পরে তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।’

এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকার একটি আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বার্থসংশ্লিষ্টদের সাত দেশে থাকা মোট ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। এসব সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তির ক্রয়মূল্য হিসেবে ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা উল্লেখ করা হয়েছিল।

তবে আদালতের ওই আদেশে উল্লেখিত সম্পদের ক্রয়মূল্য এবং এফবিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনে শনাক্ত বা নথিভুক্ত সম্পদের বর্তমান মূল্য এক বিষয় নয়। তাই যুক্তরাষ্ট্রে থাকা জাবেদ দম্পতির সম্পদের বর্তমান মূল্য ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা-এমন দাবি এখনই করা যাচ্ছে না।

এখন এফবিআইয়ের পাঠানো নথি যাচাই-বাছাই করে সম্পদের মালিকানা, উৎস, লেনদেন এবং অর্থের গতিপথ সম্পর্কে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
Next post শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত প্রক্রিয়া নির্ধারণে বিধি সংশোধনের উদ্যোগ
Close