দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কঠোর অবস্থানও নিয়েছে। এবারে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন মুখকে। রূপালী পর্দার নায়ক থেকে শুরু করে ক্রিকেটের পোস্টারবয় যেমন মনোনয়ন পেয়েছেন, তেমনি ছাত্রলীগের রাজনীতি থেকে এখন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অনেক নতুন ও প্রতিশ্রুতিশীল মুখ স্থান পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে।
অন্যদিকে এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিবাজদের বিশেষ করে যারা বর্তমান সংসদে রয়েছেন, অথচ দুর্নীতির নানান অভিযোগে অভিযুক্ত তাদেরকে বাদ দেওয়া হয়েছে। বয়সের কারণে আর নির্বাচন করতে চান না—এমন সংসদ সদস্যদেরকে বাদ দিয়ে সেখানে তরুণ নেতৃত্বের ওপর আস্থা রেখেছে আওয়ামী লীগ।
যেমন—চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে তার ছেলে মাহবুবুর রহমান রুহেলকে।
সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৭৩টি আসনে নতুনদের প্রাধান্য দিয়েছে ক্ষমতাসীনরা। যাদের মধ্যে অনেকেই রাজনীতিতে নতুন এবং পরিচ্ছন্ন মুখ। এ ছাড়া আগে সংসদ সদস্য ছিলেন, কিন্তু গত নির্বাচনে মনোনয়ন পাননি তাদেরকেও জায়গা করে দিয়েছেন দলীয়প্রধান। অভিজ্ঞ এবং নবীনদের সমন্বয়ে একটি ভারসাম্য এনেছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়নি। দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই দুটি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ যাদেরকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে দলে প্রার্থী করেছে তাদের মধ্যে রয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ। তাকে মনোয়ন দেওয়া হয়েছে ঢাকা-১০ আসনে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ব্যবসায়ী নেতা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন।
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মনোনয়ন পাননি। এই আসনে আওয়ামী লীগের বড় চমক হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাকেই বেছে নেওয়া হয়েছে আগামী নির্বাচনের জন্য। তিনি মোট তিনটি আসনে মনোনয়ন তুলেছিলেন।
ঢাকায় আরও একাধিক আসনে নতুন মুখ এসেছে। এরমধ্যে ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। ঢাকা-৭ আসনে বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
ঢাকা-১৪ আসনে দলটি প্রথমবারের মতো মনোনয়ন দিয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলকে। বাদ পড়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আগা খান।
ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি ২০১৪ সালে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। ঢাকা-৮ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছে আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
জামালপুরের সরিষাবাড়ি আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বাদ দিয়ে মনোয়ন দেওয়া হয়েছে মো. মাহবুবুর রহমানকে।
যশোর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. তৌহিদুজ্জামানকে। তিনি একেবারেই নতুন মুখ। তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের জামাতা। বাদ পড়ছেন বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দিন।
কুড়িগ্রাম-১ আসনের বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর বাদ পড়েছেন। তার জায়গায় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ছাত্ররাজনীতিতে তার একটা পরিচ্ছন্ন ইমেজ ছিল।
নানান বিতর্কের কারণে বাদ পড়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ। বরিশাল-৪ আসনে তার স্থলাভিষিক্ত করা হয়েছে শাম্মী আহমেদকে। যিনি দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে বাদ দেওয়া হয়েছে। এলাকায় নানা কারণে ব্যাপক বিতর্কিত রতনকে বাদ দিয়ে মনোয়ন দেওয়া হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারকে।
মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে নতুন মুখ শফিউল আলম চৌধুরী নাদেলকে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এই আসনে বর্তমান সংসদ সদস্য সুলতান মোহম্মদ মনসুর আহমদ। যিনি গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীর্ষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন।
পঞ্চগড়-১ এ মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. নাইমুজ্জামান ভূঁইয়া। সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এই আসনে বর্তমানে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।
ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন নিলুফার আঞ্জুম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল আলম শাকিলের স্ত্রী। এই আসনে বর্তমান এমপি হচ্ছে নাজিম উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমকে বাদ দেওয়া হয়েছে। এই আসনে নতুন মুখ এস এম আল মামুন।
জামালপুর-৫ আসনে নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি দলের নির্বাচনী কৌশল নির্ধারণে যে একটি কমিটি কাজ করছে, এর গুরুত্বপূর্ণ সদস্য। এই আসনে বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন।
বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর বোন সুলতানা নাদিরাকে। তিনি সাবেক সংসদ সদস্য গোলাম সবুরের সহধর্মিণী। এই আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
বাদ পড়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ। ময়মিনসিংহ-৫ আসনে তার জায়গায় মনোয়ন পেয়েছেন আব্দুল কাহার আকন্দ।
মন্ত্রিসভার আরেক সদস্য মন্নুজান সুফিয়ান এবার মনোনয়ন পাননি। খুলনা-৩ আসনে তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে।
বাদ পড়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। কুড়িগ্রাম-৪ আসনের এই সংসদ সদস্যের জায়গায় মনোনয়ন পেয়েছেন বিল্পব হাসান।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
